নিজস্ব প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসঙ্ঘ ভবনের বিপরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকেই নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জাতিসঙ্ঘ ভবনের সামনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও রঙ-বেরঙের পোস্টার হাতে নিয়ে তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ আনন্দ মিছিলে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ফ্লোরিডা, বোস্টন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি ও শিকাগো, কানেকটিকাট, পেনসিলভানিয়া, জর্জিয়া, টেনেসি, কানাডা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সরেজমিন দেখা গেছে, পুরো কর্মসূচির সমন্বয় করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তাকে সহযোগিতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু ও নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। এ ছাড়াও ছিলেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, দক্ষিণের সম্পাদক মোহাম্মদ বদিউল আলম প্রমুখ।
এ ছাড়াও স্বাগত মিছিলে ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম (বদরা সাইদ), ওয়াশিংটন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন, টেনেসি স্টেট বিএনপির সভাপতি ড. তরিকুল ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। সেলিম রেজা বলেন, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দেয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর সাথে প্রবাসীরা বৈঠক করে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে চান। কেননা, প্রবাসীরাও বাংলাদেশ নিয়ে ভালো চিন্তাভাবনা করেন। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নিউ ইয়র্ক সময় বিকেল সোয়া ৬টার দিকে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫ মিনিটের বেশি সময়ের এই বক্তব্যে তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা প্রকাশ করেন। একই সাথে বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জোর আহ্বান জানান তিনি।





