ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

রোববার সকালে (৪ অক্টোবর) পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তা করে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন। 

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানটি রাজধানীর কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী রিং রোড ও গুলশান-২ এলাকায় একযোগে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগত মালামাল রাখায় ৩ জনকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, উচ্ছেদ দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ডিএনসিসি কর্তৃপক্ষ।

উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় মোতায়েন ছিল ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩১ জন সদস্য। ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ানের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট মো: ইমাম মেহেদীর তত্ত্বাবধানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করে। 

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর পৌনে ১টার দিকে অভিযানটি সফলভাবে সমাপ্ত হয়। অভিযানকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত নগরবাসী। ফুটপাত সচল ও যানজট মুক্ত রাখতে এমন তদারকি নিয়মিত চালু রাখার আহ্বান জানিয়েছেন তারা।