সংসদ প্রতিবেদক

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সাথে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এ দু’টি দায়িত্ব নিশ্চিত হয়েছে।
গতকাল স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এই গ্রুপে সদস্য হিসেবে ৩৭টি দেশ রয়েছে। ফলে এ অঞ্চলের সংসদীয় কার্যক্রমে গ্রুপটির নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্পিকারের এ দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্য দিকে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন।
আইপিইউর নির্বাহী কমিটি সংস্থাটির কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রভাব আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।