নয়া দিগন্ত ডেস্ক

গরু চোরাচালানের সময় আব্দুল আলীম ও ইসমাইল হোসেন নামে দুই ভারতীয়কে আটকের পর বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দিনগত মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ আব্দুল আলীম ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।
ইসমাইল হোসেন জানান, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বাংলাদেশী ভেবে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায়।
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুই ভারতীয়কে বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় পুলিশি পাহারায় রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উলিপুর সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানরা তাদের গরু পাচারের সময় গুলি করে মৃত ভেবে চলে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় গোপনে রংপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে স্পেশাল অ্যাক্টে মামলা হবে।
তবে বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি। কাজেই এ বিষয়ে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার রয়েছে।