নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সদরে এক কলেজশিক্ষকসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ জন নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো: শাহজাহান আলী (৪০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি স্থানীয় হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহজাহান আলী মোটরসাইকেলে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটকালুগঞ্জ মেইন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় একটি পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকোরিয়ার খুটাখালি থেকে জিপটি তিন্দু যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মো: জিয়াবুল (৩৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ পালিশ (৩৭) নামের দু’জন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে কক্সবাজারের চকোরিয়ার মালুমঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেনÑ শীষ মো: রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন ড্রাইভার (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১), শাহজালাল হোসেন (৩৫), নিহত জিয়াবুল খুটাখালি ৬ নম্বর ওয়ার্ডের মৃত শামসু মিয়ার ছেলে ও মোহাম্মদ জসিম একই এলাকার মোজাহের হোসেনের ছেলে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহেদ পারভেজ জানিয়েছেন পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফিট গভীর খাদে পড়ে যায়।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর ( ৬৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি জিঞ্জিরা মাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি জিঞ্জিরা মাজার এলাকায় অজ্ঞাত এক নারীকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মণ (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রল পাম্পের কাছে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মণ মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মণ একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মণ তার ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মণকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নীরেন চন্দ্র বর্মণকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে নগরের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এ সময় ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।





