মোহাম্মদপুর থানার পৃথক তিন হত্যামামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাবেক মেয়র আতিককে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আলী হায়দার তাকে কারাগারে পাঠান।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে তিন মামলা হলো, মো: আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যা, অটোরিকশা চালক মো: রনি হত্যা ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাকিব হত্যা মামলা।
রিমান্ড শেষে আ: রাজ্জাক ও ফারুক খান কারাগারে
এদিকে রিমান্ড শেষে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আলী হায়দার এই নির্দেশ দেন। রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ কারাগারে পাঠানোর পক্ষে অবস্থান নেয়। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক দুই দিনের রিমান্ডে ছিলেন। গত ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গুলিতে মকবুল নামে এক বিএনপিকর্মী মৃত্যুর মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান দুই দিনের রিমান্ডে ছিলেন। গত ১৪ অক্টোবর তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।