কুমিল্লার নাঙ্গলকোটে সঙ্ঘবদ্ধ গরু চোরদের হাত থেকে নিজেদের গরু রক্ষা করতে গিয়ে গরু চোরদের মাইক্রেবাসের চাপায় ফারজানা আক্তার পিংকি (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে জুমার নামাজের সময় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে এ ঘটনা ঘটে।
ফারজানা আক্তার পিংকি উপজেলার আবদুল কাদেরের মেয়ে। তিনি বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। পরে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে পাশের পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে চোখ বাঁধা অবস্থায় গরুটি পাওয়া গেলেও চোরের দলকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, গতকাল দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের তালতলা-আটগ্রাম সড়কের আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পিংকিদের একটি গরু বাঁধা ছিল। জুমার নামাজের সময় লোকজন নামাজে ব্যস্ত থাকার সুযোগে পাঁচ/ছয় জনের একটি সঙ্ঘবদ্ধ চোরের দল তাদের গরুটি মাইক্রোবাসে ঢুকিয়ে চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় পিংকির মা আছমা টের পেয়ে চোরদের বাধা দিলে চোরেরদল তার মাকে বেধড়ক মারধর করে। মায়ের চিৎকার শুনে মেয়ে পিংকি বাড়ি থেকে বের হয়ে চোরেরদলকে গরু নিতে বাধা দিয়ে মাইক্রোবাসের সামনে দাঁড়ালে চোরেরদল তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পিংকির বাবা আবদুল কাদের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।