আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন একই বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
গতকাল শনিবার ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে করেন আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সমাবেশে আইনজীবী অধিকার পরিষদের সদস্যসচিব এরশাদ বলেন, যখন কেউ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না তখন এই আসিফ নজরুলসহ অনেক কলম যোদ্ধা তার বিরুদ্ধে লিখেছেন। তারা আসিফ নজরুলকে হেনেস্তা করেছে। আমি সরকারকে বলব বিষয়টিকে হালকাভাবে নেবেন না।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক ও ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সাথে যে ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করে শাস্তি আওতায় আনতে হবে। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাব কেন এই অপ্রীতিকর ঘটনা ঘটল সেখানে।
এমন ঘটনা ফৌজদারি অপরাধ উল্লেখ করে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কিছু জয় বাংলা স্লোগানধারী যেভাবে উপদেষ্টা আসিফ নজরুলের পথরুদ্ধ করেছে তা শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক আইনেও ফৌজদারি অপরাধের মধ্যে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যেন স্টেট টু স্টেট যোগাযোগ করে আসিফ নজরুলকে অপদস্ত করার ভিডিওটি সুইজারল্যান্ডের সরকারের কাছে পাঠানো হয়।
এ দিকে বাংলাদেশ আইন সমিতির দফতরবিষয়ক উপকমিটির সদস্য বেল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দোষীদের শনাক্তপূর্বক বিচারের মাধ্যেম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
ঢাবি সাদা দলের বিবৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। গতকাল শনিবার সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আওয়ামী লীগ দলীয় কিছু দুর্বৃত্ত তার সাথে যে ন্যক্কারজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তাতে আমরা ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি। আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না। তারা আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র প্রতিহত করা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান রাখছি। একই সাথে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
ঢাবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি আজ
ড. আসিফ নজরুলের ওপর বিদেশের মাটিতে হামলা ও হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয় আজ বেলা ১টায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।





