দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এ ছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগিতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বীমার শাখার চৌকষ দল গার্ড অব অনার দেন। পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন এবং বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির ঊর্র্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন : এ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তার উদ্দেশে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সব বীরমুক্তিযোদ্ধাকে। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।





