নন গভার্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথোরিটির (এনটিআরসিএ) নিয়োগ পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলেন ‘নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ’। দুর্নীতির কারণে নিয়োগ থেকে বঞ্চিতদের নিয়োগ প্রদানের দাবি করে তারা।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি পেশ করে।
এ সময় এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম ) নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জি এম ইয়াছিন লিখিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিয়োগ দেয়ার নামে আকাশচুম্বী দুর্নীতির এক বিরল প্রতিষ্ঠান আছে, যার নাম এনটিআরসিএ। এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেয়া হয়েছে, তার কোনো নিয়োগের সময় এনটিআরসিএ বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারে নাই। বরং উল্টো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক দুইজন মন্ত্রী ডা: দিপু মনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের যোগসাজশে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল।
নিয়োগ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আমরা আমাদের বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগের অধিকার ফিরিয়ে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেয়া হয়েছে তার সুষ্ঠু, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম-১২তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে।