বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পল কাপুরকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
সিনেটের অনুমোদন পেলে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হবে। তিনি বিগত বাইডেন প্রশাসনের আলোচিত কূটনীতিক ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হবেন।
সিনেটের অনুমোদন পেলে পল কাপুর হবেন দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি। এর আগে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিশা দিশা বিসওয়াল এ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে বাংলাদেশের একতরফা জাতীয় নির্বাচনের আগে ও পরে নিশা দিশা বিসওয়াল ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতড্যান মজিনার সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কের অবনতি ঘটেছিল। মজিনা বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব কমানোর প্রচেষ্টা চালিয়েছিলেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার পল কাপুর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। সিনেটের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে। কাপুর বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করছেন।
নেভাল কলেজের দেয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, ২০২০-২১ সালে পল কাপুর মার্কিন পররাষ্ট্র দফতরের পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। সে সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন। এ দায়িত্ব পাওয়ার আগে কাপুর ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করেছেন, পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন।
‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি : ইসলামিস্ট মিলিটেন্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট : নিউক্লিয়ার উইপন্স প্রোলিফিরেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া’ তার লেখা উল্লেখযোগ্য বই। এছাড়া তিনি ‘ইন্ডিয়া, পাকিস্তান, অ্যান্ড দ্য বম : ডিবেটিং নিউক্লিয়ার স্ট্যাবিলিটি ইন সাউথ এশিয়া’ বইয়ের সহ-লেখক এবং ‘দ্য চ্যালেঞ্জ অব নিউক্লিয়ার সিকিউরিটি : ইউএস অ্যান্ড ইন্ডিয়ান পার্সপেক্টিভ’ বইয়ের সহ-সম্পাদক ছিলেন। পলের বিভিন্ন কাজ ইন্টারন্যাশনাল সিকিউরিটি, সিকিউরিটি স্টাডিজ, এশিয়ান সার্ভে এবং ওয়াশিংটন কোয়াটার্লির মতো শীর্ষ অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ও রিয়েলক্লিয়ার পলিসির মতো সাময়িকীতেও তিনি লেখালেখি করেছেন।
পল কাপুর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি করেছেন।