ওমানের কাছ থেকে জ্বালানি সরবরাহের নিশ্চিয়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আলবুসাইডির সাথে সাক্ষাতের সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ নিশ্চিয়তা চান। উপদেষ্টা অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
বিপুলসংখ্যক বাংলাদেশী প্রবাসীর কাজে সুযোগ করে দেয়ার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা ওমানের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ থেকে ওমান চিকিৎসক, নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতো দক্ষ পেশাদারদের নিতে পারে। এ ছাড়া জাহাজনির্মাণ শিল্পে দক্ষ কারিগররা ওমানে কাজ করতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি খাতে ওমানের সাথে সহযোগিতা আরো গভীর করার আগ্রহ ব্যক্ত করেন এবং ওমান থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের নিশ্চিয়তা চান।
উভয় পক্ষ বাংলাদেশ ও ওমানের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি যথাযথভাবে পালনে সম্মত হন। এ উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
সম্মেলনের সাইডলাইনের তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল মুরাইখির সাথেও বৈঠক করেন।