কুড়িগ্রামের রৌমারী সীমান্তের জিঞ্জিরাম নদী এলাকায় মহিদুল ইসলাম (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ওই নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে বিজিবি ধারণা করছে। নিহত মহিদুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের সাইজুদ্দিনের ছেলে বলে জানা গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশীদের লক্ষ্য করে গুলির বিষয়টি অস্বীকার করলেও বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার মো: আমিনুল ইসলাম জানান, নিহত মহিদুল ইসলামের শরীরে গুলির চিহ্ন রয়েছে, যা সাধারণত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা (বিএসএফ) ব্যবহার করে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর রাতে রৌমারীর শৌলমারী ইউনিয়নের চর গোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৮/ ২এস এর কাছে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় ওই সীমান্তে কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে গরু আনার জন্য গিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মহিদুল ইসলামসহ তিন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তবে মহিদুল ইসলাম নিহত হলেও অপর গরু ব্যবসায়ীরা পালিয়ে যান। আহতরা হলেনÑ দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের কালু শেখের ছেলে মফিয়ার এবং হরিণধরা পূর্বপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আব্দুল শহীদ। বিজিবি দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার মো: আমিনুল ইসলাম জানান, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলি করার খবর শুনে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ-৬ এর গোধূলীগাঁও কোম্পানি কমান্ডার বাাংলাদেশীদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ অস্বীকার করেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দিলওয়ার হাসান ইমাম জানান, জিঞ্জিরাম নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল কুড়িগ্রাম প্রেরণ করা হয়েছে।
রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের জিঞ্জিরাম নদী এলাকায় মহিদুল ইসলাম (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ওই নদী থেকে নিহতের লাশ...





