একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে। তবে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা হবে বিধায় এ অধিবেশনের মেয়াদও দীর্ঘ হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে এটাই তার প্রথম বাজেট পেশের ঘটনা। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে সংবিধান অনুযায়ী আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সাধারণত জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হলেও ঈদের ছুটির কারণে এবার একটু দেরিতে বসছে অধিবেশন। আগামী বৃহস্পতিবার সংসদের অধিবেশন কক্ষে ডিজিটাল পদ্ধতিতে এই বাজেট প্রস্তাবনা উত্থাপন করা হবে। এ জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। বাজেট উত্থাপনের দিনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংসদের নির্ধারিত কক্ষে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করবেন। এ ছাড়া দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ জন্য সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অধিবেশনে বাজেট ছাড়াও অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। এই অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে। নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবার প্রথম বাজেট প্রস্তাবনা করবেন। ইতোমধ্যে তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বৈঠক করে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বিরোধী দলের প্রস্তুতি : বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ের পাশাপাশি প্রস্তুতি শুরু করেছে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। আগের সংসদের মতো এবারো বাজেট নিয়ে প্রাণবন্ত আলোচনা করতে চায় বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তাদের সাথে আবার যোগ হয়েছে বিএনপির ছয়জন ও গণফোরামের দুইজন সংসদ সদস্য। বিএনপি সদস্যরা বাজেট ছাড়াও দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় সংসদ অধিবেশনে আলোচনার দাবি জানাবে। এছাড়াও তারা বিএনপিসহ সব বিরোধী দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, শেয়ার বাজার কেলেঙ্কারী ও ব্যাংক লুটসহ নানা ইস্যুতে সাধারণ আলোচনার জন্য ইতোমধ্যে সংসদ সচিবালয়ে প্রস্তাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য মো: হারুনুর রশীদ।
ছুটির দিনেও অধিবেশন বসবে : চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার জন্য ছুটির দিনেও অধিবেশন বসতে পারে বলে সংসদ সচিবালয় থেকে আভাস পাওয়া গেছে। বাজেট পেশের দিনে রাষ্ট্রপতি সংসদে উপস্থিত থাকবেন। এজন্য সংসদের ভেতরে তার চলাচলের পথে প্রথা অনুযায়ী লালগালিচা বিছানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে চালু হবে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। এই ডেস্ক থেকে সংসদ সদস্যরা (এমপি) প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এ ছাড়া সংসদের অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে। আর অধিবেশন কক্ষের চেয়ারগুলো নতুন করে সাজানো হয়েছে। সংসদের ভেতরে বাইরে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সংসদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।
