মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য ইংরেজি গ্রামার বইয়ের নাম ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রতি শ্রেণীতে বইটির শুরুতেই আলোচনা করা হয়েছে পার্টস অব স্পিচ নিয়ে। প্রতি শ্রেণীতে একই বিষয়ে প্রায় একই ধরনের আলোচনা বিস্তারিত আকারে তুলে ধরা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ে কোনো একটি বিষয়ে প্রাথমিক যে আলোচনা করা হয়েছে সেই একই আলোচনা আবার দেখা যায় পরবর্তী বিভিন্ন শ্রেণীতে অব্যাহত রাখা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতে একই বিষয় নিয়ে প্রতি ক্লাসে আলোচনার দরকার ছিল না। এতে শিক্ষার্থীদের মধ্যে বই এবং বইয়ের আলোচ্য বিষয়ে আগ্রহ নষ্ট হয়েছে।
ষষ্ঠ শ্রেণীতে ২৬ পৃষ্ঠাজুড়ে আলোচনা করা হয়েছে পার্টস অব স্পিচ। সংজ্ঞা থেকে শুরু করে প্রত্যেক প্রকারের পার্টস অব স্পিচ উদাহরণসহ আলোচনা করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণীর অনেক শিক্ষার্থী জানিয়েছে, পার্টস অব স্পিচ বিষয়ে ষষ্ঠ শ্রেণীর বইয়ে যা রয়েছে তা তারা পঞ্চম শ্রেণীতেই শিখেছে।
ষষ্ঠ শ্রেণীতে পার্টস অব স্পিচের শুরুতে শিরোনাম রয়েছে লেসন ওয়ান : নাউন। অপর দিকে সপ্তম শ্রেণীতেও পার্টস অব স্পিচের শুরুতে শিরোনাম করা হয়েছে লেসন ওয়ান : নাউন। সপ্তম শ্রেণীতে লেসন ওয়ানে নাউনের সংজ্ঞা, প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, যা শেখানো হয়েছে ষষ্ঠ শ্রেণীর লেসন ওয়ানে।
ষষ্ঠ শ্রেণীতে যেমন আট প্রকার পার্টস অব স্পিচ আলোচনা করা হয়েছে সপ্তম শ্রেণীতেও আট প্রকার পার্টস অব স্পিচ আলোচনা করা হয়েছে। সপ্তম শ্রেণীতে প্রত্যেক প্রকারের বিভিন্ন অনুশীলনী রয়েছে। এ ছাড়া তেমন কোনো পার্থক্য নেই উভয় শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচনায়। বরং ষষ্ঠ শ্রেণীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে ২৬ পৃষ্ঠাজুড়ে আর সপ্তম শ্রেণীতে ১২ পৃষ্ঠাজুড়ে আলোচনা করা হয়েছে পার্টস অব স্পিচ।
অষ্টম শ্রেণীতেও গ্রামার বইয়ের শুরুতে রয়েছে পার্টস অব স্পিচ। এ বইয়ে ৫২ পৃষ্ঠাজুড়ে আলোচনা করা হয়েছে পার্টস অব স্পিচ। এখানেও শুরুতে পার্টস অব স্পিচের আট প্রকার তুলে ধরা হয়েছে। প্রত্যেক প্রকার পার্টস অব স্পিচের সংজ্ঞা দেয়া হয়েছে, যা শেখানো হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে। তবে অষ্টম শ্রেণীতে প্রত্যেক প্রকারের পার্টস অব স্পিচের যত ধরনের ভাগ রয়েছে তার প্রায় সবই আলোচনা করা হয়েছে।
কাউন্ট্যাবল এবং আনকাউন্ট্যাবল নাউনের মতো সহজ বিষয় আলোচনা করা হয়েছে ১২ পৃষ্ঠাজুড়ে যা অনেকের কাছে বিরক্তিকর শুধু নয় বিস্ময়কর। একজন অভিভাবক বলেন, বিভিন্ন প্রকার পার্টস অব স্পিচ বিস্তারিত আলোচনা করতে গিয়ে এমন সব ভাগে ভাগ করা হয়েছে যার নাম জীবনে কোনো দিন শুনিনি। আমি ছাত্রজীবনে অনেক গ্রামার বই শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি কিন্তু কোনো দিন এসব অদ্ভুত নাম শুনিনি। নবম-দশম শ্রেণীতে ১২৫ পৃষ্ঠাজুড়ে আলোচনা করা হয়েছে পার্টস অব স্পিচ। তবে এর প্রায় অর্ধেক অংশজুড়ে টেন্সের সমন্বয় ঘটানো হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পার্টস অব স্পিচ নিয়ে যত আলোচনা তার সব কিছুর সমন্বয় ঘটানো হয়েছে নবম-দশম শ্রেণীর আলোচনায়।
অনেক অভিভাবক বলেন, আগের তিন শ্রেণীতে বিস্তারিত আলোচনার পর নবম- দশম শ্রেণীতে যে আলোচনা করা হয়েছে তার কোনো প্রয়োজন ছিল না। যেমন দশম শ্রেণীতে কমন নাউন, প্রপার নাউন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। অথচ এসবই পার্টস অব স্পিচের প্রাথমিক জ্ঞান। কিন্তু এ নিয়ে দশম শ্রেণীতে যে আলোচনা করা হয়েছে তা একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা। রাজধানীর একটি স্কুলের ক্ষুব্ধ এক ইংরেজি শিক্ষক এ প্রতিবেদককে বলেন, গ্রামার আর গ্রামার বই নিয়ে রিপোর্ট করলে সারা বছরই রিপোর্ট করতে পারবেন।
একজন শিক্ষক বলেছেন একটি বিষয় নিয়ে বিভিন্ন শ্রেণীতে আলোচনা থাকতে পারে। সে ক্ষেত্রে ধাপে ধাপে আগাতে হবে এবং একটি ধারাবাহিকতা ও সমন্বয় থাকা দরকার। কিন্তু গ্রামার বইয়ের অনেক আলোচ্য বিষয়ে সেটা দেখা যায় না।





