আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নতুন নিরপেক্ষ নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচন যদি নিরপক্ষ নাই হয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন?। তার দলের সাতজন তো নির্বাচিত হয়ে সংসদে আছেন। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জনগণের কাছে দুর্বল হয়ে যাবেন। আর সে কারণেই তারা পার্লামেন্টে যোগ দিয়েছেন। সংসদে যোগ দিয়ে সংসদকে অবৈধ বললে তারা নিজেরাই অবৈধ হয়ে যান। এ ছাড়া বিএনপির একটি পুরনো রোগ হচ্ছেÑ নালিশ করা। আমরা যত ভালো কাজই করি না কেন, তারা নালিশ করবেই। তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে কথামালা দিয়েই সন্তুষ্ট রাখতে হবে।
শনিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ আয়োজিত সড়ক পরিবহন আইন-২০১৮ প্রতিপালন কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ পাশ করা হয়েছে, সারা দেশে এ বিষয়ে ক্যাম্পেইন চলছে। এ আইন সম্পর্কে শুরুতে সাধারণ মানুষদের মধ্যে সচেনততা সৃষ্টি করা হচ্ছে। যেহেতু আইন নতুন পাশ করা হয়েছে তাই অনেকেই বিষয়গুলো সম্পর্কে অবগত নন। পরিবহন মালিক শ্রমিক, হাইওয়ে পুলিশসহ সর্বস্তরে বিষয়গুলো জানিয়েছি। প্রথম এক সপ্তাহ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হবে। শুরুতেই কেউ ভুল করে আইন অমান্য করলে জেল জরিমানার আদায় করছি না। কিছুদিন সময় দিয়ে পরে পুরোপুরিভাবে এ আইন প্রয়োগ করা হবে। এখন ক্যাম্পেইনে সতর্কতার বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়নের কোনো ঘাটতি নেই। সড়কে অনেক উন্নয়ন হচ্ছে। ঘাটতি আছে শৃঙ্খলার। পরিবহন এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি আছে এবং এ কারণে দুর্ঘটনা ঘটে। পাশাপাশি যানজটের বিষয়টি আমাদের দুর্ভাবনার বিষয়। আমরা এ বিষয়গুলোতে আইনের কঠোর প্রয়োগ করব। এতে সড়ক এবং পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করি। হয়তো এ বিষয়ে আমাদের আরো একটু সময় লাগবে। তবে এসব কিছুর ঊর্ধ্বে সবার সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এ বিষয়েও ক্যাম্পেইন চালাব এবং মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনব।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরিবারের দাবির বিষয়ে সরকার কিছু ভাবছে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই মানবিক। বিএনপি বিষয়টি নিয়ে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সেটা বাস্তবে কতটুকু সত্য?। চিকিৎসকদের বক্তব্যের সাথে দলের বক্তব্যের কোনো মিল নেই। যেখানে দলের লোক এবং পছন্দের চিকিৎসক নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বলছে চিকিৎসার কোনো সঙ্কট নেই, তার স্বাস্থ্য ভালো আছে। দেশের বাহিরে পাঠানোর মতো কোনো অবস্থা তার হয়নি। এটা বিএনপি বলছে কিন্তু মেডিক্যাল বোর্ড তা বলছে না।
সারা দেশে শুদ্ধি অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, তৃনমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে এবং এটা চলমান থাকবে। জেলা পর্যায়কে বাদ দিয়ে কিছু করা হচ্ছে না। এখানে সহযোগী সংগঠনগুলোর প্রতিটি শাখার যেখানেই দুর্নীতি, দুষ্কর্ম, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক কারবার যেখানে আছে সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তা ছাড়াও প্রশাসনেও নজরদারি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন উর রশীদ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যাহ তাসলিম হোসেন প্রমুখ।