ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এক বছর পূরণ হচ্ছে আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করে গত বছর এই দিনে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দলটি। বছরপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী তার ভাষণে এ সরকারের মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতে সরকারের পরিকল্পনা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের বিস্তারিত তুলে ধরবেন।
৩০ ডিসেম্বরের আলোচিত নির্বাচনের পর আজকের এই দিনে মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শুরুতে ৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার আকার একজন বেড়ে বর্তমানে ৪৮। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী রয়েছেন ৩ জন। তাদের ৩১ জনই নতুন। মাঝে গত বছর ১৯ মে প্রথমবারের মতো স্বল্পপরিসরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাউকে সংযুক্ত কিংবা বাদ দেননি তিনি। শুধু স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো: মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী পদে স্থানান্তর করা হয়। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মধ্যকার বিভাগ পুনর্বিন্যাস করা হয়। এরপর ১৩ জুলাই পদোন্নতি দিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রী হিসেবে ইমরান আহমেদ এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ফজিলাতুন্নেছা ইন্দিরাকে নতুন অন্তর্ভুক্তি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তিন মেয়াদে সরকার গঠন করে চমকের মন্ত্রিসভা দিয়ে যাত্রা শুরু হয় বর্তমান সরকারের। নানা কর্মকাণ্ডের মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে আলোচনায় স্থান পায় সরকারের অনেক ইস্যু। নদী দখল উচ্ছেদ অভিযান, ক্যাসিনোকাণ্ড, নিজস্ব স্যাটেলাইটে দেশের সব টিভি চ্যানেলের সম্প্রচার ও পদ্মা সেতুর অগ্রগতিসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের সাথে গত এক বছরে আলোচনায় স্থান করে নেয় শেয়ার বাজারের দুরবস্থা, খেলাপী ঋণ, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর দফায় দফায় হামলা, রাজাকার তালিকা, বালিশ ও পর্দাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু।
নতুন সরকার গঠনের পরপরই ঢাকার আশপাশে নদ নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে নৌপরিবহন মন্ত্রণালয়। বছরব্যাপী এই অভিযানে কয়েক শ’ স্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় মন্ত্রণালয়। তবে বছরের শেষ দিকে এসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশ করে তালগোল পাকিয়ে ফেললে চরম বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সরকারকে। এই তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং রণাঙ্গনের অনেক আলোচিত মুক্তিযোদ্ধার নামও চলে আসে। ফলে সারা দেশেই ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তালিকায় মুক্তিযোদ্ধার নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। পরে এই তালিকা স্থগিত করা হয়।
টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্যাসিনো-জুয়াকান্ডের বিরুদ্ধে সেপ্টেম্বরে শুদ্ধি অভিযান ছিল বেশ আলোচিত। এই অভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পদ হারাতে হয়। কাউকে কাউকে গ্রেফতারও করা হয়। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসে অনেকের বিরুদ্ধে। গত এক বছরে অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পের অনেকগুলোর অগ্রগতি ছিল দৃশ্যমান। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে আর গত বছর সব কটি টেলিভিশন চ্যানেল এই স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার শুরু করে। কয়েক বছর ধরে রোহিঙ্গা সঙ্কট ঘিরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্র সম্পর্কে বেশ জটিল সময় পার করলেও গত বছর এই সঙ্কট থেকে উত্তরণে তেমন অগ্রগতি ঘটেনি। তবে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে আলোচনায় আসে আফ্রিকার দেশ গাম্বিয়া।
গত ১ নভেম্বর সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করে। নতুন এই আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও সড়কের শৃঙ্খলার পরিপন্থী নানা অপরাধের শাস্তি ও জরিমানা কয়েকগুণ বাড়ানো হয়। সাধারণ মানুষ আইনটির প্রতি সমর্থন জানালেও পরিবহন মালিক-শ্রমিকেরা আন্দোলনে নামেন। তাদের ধর্মঘটের মুখে সরকার আইনটি বাস্তবায়নে শিথিল অবস্থান নেয়।
গত বছর ক্রীড়াক্ষেত্রে এসএ গেমসে ১৯টি সোনা জিতে রেকর্ড গড়ে বাংলাদেশ। তবে ক্রিকেট বিশ্বকাপে আশানুরূপ সাফল্য আসেনি। উল্টো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া এবং নানা দাবি আদায়ের লক্ষ্যে শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘট সারা বিশ্বে আলোচনার জন্ম দেয়। তবে মেয়েদের ক্রিকেট আশা দেখিয়েছে গেল বছর। অক্টোবরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতারা পিটিয়ে মারলে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।
গত বছর শেয়ারবাজারে কোনো সুখবর ছিলনা। সরকারের নানা আশ্বাসের পরও বছরব্যাপী নেতিবাচক অবস্থায় ছিল শেয়ারবাজার যা এখনো অব্যাহত আছে। তবে অর্থনীতির প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। বছরজুড়েই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ছিল বেশ আলোচনার বিষয়। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র উত্তাল হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, গত বছরে দেশে ধর্ষণের ঘটনা আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তাদের হিসাব মতে, গত বছর সারা দেশে এক হাজার ৪১৫ জন নারী ধর্ষিত হয়েছেন। আর ৩৮৮ জন মানুষ ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার’ হয়েছেন। গুমের অভিযোগের সংখ্যা কিছুটা কম হলেও বছরজুড়ে সার্বিক মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক ছিল’ বলে আসকের অভিমত। গত বছরে ব্যাপক সমালোচিত ছিল রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বালিশকাণ্ডসহ বিভিন্ন প্রকল্পের লুটপাট ও দুর্নীতির বিষয়।
সরকারের বছর পূর্তি আজ
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এক বছর পূরণ হচ্ছে আজ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করে গত বছর এই দিনে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন...





