কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারি যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। গতকাল শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নাফনদী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো: ফয়সাল হাসান খান জানান, ভোরের দিকে দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া মসজিদের পূর্ব পাশের কেওড়া বাগানের নিকট নাফনদী এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোককে বস্তা মাথায় নিয়ে হেঁটে যেতে দেখে চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আহত অবস্থায় ওই ব্যক্তি নিজেকে একজন রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত বলে জানিয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইউএনবি জানায়, মাগুরা সদরে বৃহস্পতিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু কাজী (৪২) নামে একজন নিহত হয়েছেন। নিহত মিন্টু নড়াইল উপজেলার ফয়েজ কাজীর ছেলে। পুলিশ সুপার জানান, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে মিন্টু নিহত হন।
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারি যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি...





