সরকারের ইচ্ছায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার খালেদা জিয়ার সাথে প্রতিহিংসামূলক আচরণ করছে। সে কারণে জামিন দেয়া হচ্ছে না। গত বৃহস্পতিবারও জামিন দেয়া হয়নি। বিনা চিকিৎসায় তার অবস্থা শোচনীয় পর্যায়ে নেয়ার চক্রান্ত চলছে। এ জন্য আদালতকে ব্যবহার করছে সরকার।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর লাশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, বারবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটল।
তিনি বলেছেন, প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো ছিলেন শুধু বৌদ্ধ ধর্মীয় গুরু নয়, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বাতিঘর।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়–য়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিল্লি ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্মম হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। কারণ এই হামলা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আশা করি, ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যার সমাধান করবে।





