সময় টেলিভিশনের কক্সবাজার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে (৩০) কণ্ঠরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। শনিবার গভীর রাতে কক্সবাজার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সুজাউদ্দিন রুবেল সময় টিভির পাশাপাশি স্থানীয় দৈনিক কক্সবাজারেও কাজ করেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য। শনিবার রাত ১২টার দিকে দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একদল দুর্বৃত্ত পেছন থেকে তার গলা টিপে ধরে। এক পর্যায়ে কণ্ঠরোধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যান। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালকসহ চারজন ছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, তার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা নিয়ে যায়নি। তবে আইফোনসহ দু’টি মোবাইল নিয়ে গেছে।
কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।





