বকশীগঞ্জে দলীয় কর্মসূচি পালন নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণ-র্যালিতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বকশীগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের ব্যানারে একটি গণ-র্যালি বের করা হয়। র্যালি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের পদত্যাগ ও তাকে অপসারণের দাবিতে স্লোগান দেয়া হয়। অপর দিকে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও একটি মিছিল বের করেন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুমের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে টিঅ্যান্ডটি রোডের ভেতর দিয়ে পাটহাটী মোড় পার হলে পেছন থেকে আসা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মুজিববর্ষের র্যালিতে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং লাঠি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ইটের আঘাত ও হামলায় বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাবেক লীগ নেতা হাসান সরকার পলাশ, সাবেক ইউপি সদস্য ওবাইদুর রহমান, বিল্লু মিয়া, চান সরকারসহ ১০ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী আহত হয়।
এ দিকে ধাওয়া-পাল্টাধাওয়া শেষে র্যালিটি ফের বকশীগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে মালিবাগ মোড়ে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালালে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এ নিয়ে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে বকশীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
মুজিববর্ষের র্যালিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে প্রতিবাদ সভা ও আলোচনা সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওমর আল ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। সভায় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের পদত্যাগের বিষয়টি গ্রহণ করতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে দাবি জানান।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার মুজিববর্ষের র্যালিতে হামলার বিষয়টি অস্বীকার করে জানান, পৌর আওয়ামী লীগের লোকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা করেছে। এতে রবিন নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বকশীগঞ্জে আ’লীগ-ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ
বকশীগঞ্জে দলীয় কর্মসূচি পালন নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে...





