ডাক্তারি পাস না করেও নামের আগে ডাক্তারি পদবি ব্যবহার করে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারের সুকুমার বৈদ্য (৫০)।
গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ওই ডাক্তারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। সুকুমার বৈদ্য ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের মৃত সুনীল কুমার বৈদ্যের ছেলে।
মানিকগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সুকুমার বৈদ্য উপজেলার ধল্লা বাজারে ‘ বৈদ্য মেডিক্যাল হল’ নামে একটি ফার্মেসি খুলে দীর্ঘ দিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে সে এমন কাজ করবেনা বলে মুচলেকা দিয়েছে।
তিনি আরো জানান, এসএসসি পাস সুকুমার বৈদ্য ধামরাই থেকে পল্লী চিকিৎসার ওপর একটি কোর্স করে এমবিবিএস ডাক্তারদের মতো চিকিৎসার পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমবিবিএস/বিডিএস পাস ছাড়া নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না।