খাগড়াছড়িতে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী রাবেয়া আক্তারসহ (৩৫) পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে পাঁচহাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলোÑ রামগড় চৌধুরীপাড়ার মো: মানিক মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো: ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে মো: আবুল কালাম (২২) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে মো: আবুল আসাদ ওরফে মিঠু (২০)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। আসামি আবুল আসাদ ওরফে মিঠু পলাতক রয়েছে। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, পরকীয়ার জেরে রাবেয়া ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি টাকা দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রবীন্দ্রপাড়ায় স্বামীকে গলাকেটে হত্যা করায়। পরে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। ঘটনার এক দিন পর গুইমারা থানায় অজ্ঞাত আসামি দেখিয়ে পুলিশবাদী মামলা হয়। এরপর পুলিশ তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চার বছরের মাথায় এই রায় ঘোষণা করেন।
এ দিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো। তবে রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মো: আরিফ উদ্দিন।





