নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশের জন্য এই মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।

রাতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।এরপর সকালে সমাবেশ স্থল পরিদর্শন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ আলম সর্দার, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম সাখওয়াত হোসাইন, এজাজ শাহ, বরিশাল মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক সহ শতাধিক নেতাকর্মী।

আজ দুপুর দুটায় শুরু হতে যাওয়া সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম)। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিবেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনের অংশ হিসেবে ৬ মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।