রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা (৬০) নামের আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ দিকে দুপুরে নিহত নেথোয়াই মারমার লাশ রাঙ্গামাটি হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এ সময় রাঙ্গামাটি সদর হাসপাতালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে ময়নাতদন্ত শেষে নেথোয়াই মারমার লাশ তার ছেলের হাতে হস্তান্তর করা হয়। নিহতের শরীরে তিনটি গুলি লাগে বলে পুলিশ জানায়।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং দুপুরে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের পর নেথোয়াই মারমার লাশ তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কেউ চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করতে আসেনি।