নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আগামীকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘গণবিরোধী সরকারের মদদে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক লিফলেট বিতরণ করবে দলটি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়। এরপরই দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন কর্মসূচির তারিখ নির্ধারণ করে। দলটির নেতারা বলেন, করোনা ভাইরাস, ঘূর্ণিঝড় আর বন্যার প্রভাবে এমনিতেই মানুষের জীবন বিপর্যস্ত। এখন মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। করোনার কারণে দীর্ঘদিন দেশে লকডাউন থাকায় অসংখ্য মানুষের আয় রোজগার বলতে গেলে একেবারেই বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। বেসরকারি হিসেবে প্রায় চার কোটি মানুষ কর্মসংস্থান হারিয়েছেন।
সম্প্রতি দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ব্যবসা-বাণিজ্য। এই অবস্থায় দেশে দেখা দিয়েছে দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতি। প্রতি মুহূর্তে বাড়ছে জিনিসপত্রের দাম। চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, তরকারি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবনের গতিকে প্রায় অচল ও আড়ষ্ট করে তুলেছে। মোট কথা হলো পণ্যমূল্য বেড়েছে কিন্তু ক্রয়ক্ষমতা বাড়েনি বরং কমেছে। ফলে সমাজে আয়বৈষম্য দেখা দিয়েছে। নির্দিষ্ট আয়ের মানুষের মনে দেখা দিয়েছে অসন্তোষ ও উদ্বেগ। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হওয়ার পরও দাম বেড়ে যায়। বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন এমতাবস্থায় আর বসে থাকার সময় নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য এই মুহূর্তেই কর্মসূচি নিয়ে মাঠে নামা উচিত। বিএনপি যেহেতু জনবান্ধব রাজনৈতিক দল সেহেতু দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। কেননা দ্রব্য মূল্যবৃদ্ধির পেছনে সরকারি সিন্ডিকেটই দায়ী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া দিগন্তকে বলেন, বর্তমান সরকার লাগামহীনভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য সীমাহীন বাড়িয়েছে। ফলে জনজীবনে নাভিশ^াস দেখা দিয়েছে। কারণ সরকার সব মুনাফাখোরদের প্রশ্রয় দিয়েছে। বাজারে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণেই আমরা বিএনপির পক্ষে দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
সিরিজ কর্মসূচি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিরিজ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীকাল শনিবার থেকে এসব কর্মসূচি শুরু হচ্ছে। প্রথমেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ২৪ অক্টোবর ঢাকা মহানগর উত্তর, ২৫ অক্টোবর কৃষক দল, ২৬ অক্টোবর স্বেচ্ছাসেবক দল, ২৮ অক্টোবর শ্রমিক দল, ৩০ অক্টোবর যুবদল এবং ৩১ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে। জানতে চাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ক্ষমতাসীন ভোট ডাকাত সরকারের মদদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। তারই প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে।
এ দিকে বিএনপির পক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট ছাপানো হয়েছে। লিফলেটে বলা হয়েছেÑ দ্রব্যমূল্যের আকাশছোঁয়া ঊর্ধ্বগতি গণবিরোধী সরকারের মদদে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গণবিচ্ছিন্ন আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যে আগুন লেগেছে। জনজীবনে নাভিশ্বাস উঠলেও সরকার সম্পূর্ণ নির্বিকার। বরং গণবিরোধী এজেন্ডা বাস্তবায়নেই তারা ব্যস্ত। নিত্যপণ্যের চরম ঊর্ধ্বগতিতে হতদরিদ্র থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষ আজ পিষ্ট হচ্ছে। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর থেকে চালের বাজার যেন পাগলা ঘোড়া। সবচেয়ে কম দামের চালও এখন ৫২ থেকে ৫৫ টাকা কেজি। আর সরু চাল ৭০ টাকার ওপরে। চালের দাম এখন এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি। রান্নার অনিবার্য উপকরণ সয়াবিন তেলের মূল্য প্রায় প্রতি মাসেই বৃদ্ধি করছে সরকার। ১৫৩ টাকার সয়াবিন এখন একলাফে ১৬০ টাকা। পেঁয়াজের মূল্যের ঝাঁজে মানুষের এখন কান্নার দশা। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে দিশেহারা জনগণের জীবন। এ ছাড়াও মসুর ডাল, আটার দাম বেড়েছে। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। পাঁচটির বেশি সবজির দাম ১০০ টাকার ওপরে। ডিমের হালি ৪০ টাকা। মাছ, গোশত, কৃষকের সার সব কিছুরই দাম আকাশচুম্বী। সরকার নিজেকে ‘কৃষিবান্ধব’ হিসেবে দাবি করলেও আসলে তারা কৃষকের রক্ত চুষে নিচ্ছে। এমতাবস্থায় নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম ও একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনবিচ্ছিন্ন অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই লুটপাট শুরু করেছে। এখন তাদের মদদেই দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের মাত্রা কয়েকগুণ বেড়েছে। সঙ্গতকারণেই মানুষের পক্ষে জনবান্ধব কর্মসূচিতে মাঠে নামছে বিএনপি।
ঢাকা দক্ষিণের সভা : কর্মসূচি পালনের লক্ষ্যে গতকাল বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ে যৌথসভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সভায় মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো: আব্দুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেন, ফ্যাসিস্ট একদলীয় সরকার মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এখন যে সঙ্কট ও দুঃশাসন চলছে তা শুধু বিএনপির একার সমস্যা নয়, এটি গোটা দেশ ও জাতির সমস্যা। যত তাড়াতাড়ি এই সরকারকে বিদায় করা যাবে ততই দেশের মঙ্গল হবে। কারণ এরা লুটে নিচ্ছে দেশের অর্থ ও সম্পদ। বিদেশে তৈরি করছে তাদের অবৈধ সম্পদের পাহাড়।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিরিজ কর্মসূচি বিএনপির
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আগামীকাল শনিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘গণবিরোধী সরকারের মদদে বাজার...





