বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সাথে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও সান্তাহার পৌরমেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মঙ্গলবার সকালে ৪৫ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ শুরু করে। হঠাৎ বেলা সাড়ে ১১টায় মেশিন চলা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। মেয়র দাবি করেন আগুনে ২০ কোটি টাকার মেশিনসহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের বগুড়া ও নওগাঁর ১৩টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, নিহত পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। আত্মীয়স্বজনদের কাছ থেকে জানা গেছে, মৃত তিনজন হলেন- আদমদীঘি উপজেলার কোমোলদোগাছি গ্রামের সিয়াম (১৩), সান্দিরা গ্রামের নাসিরের ছেলে শাহজাহান (২৯) এবং পশ্চিম সিংড়া গ্রামের ওয়াহেদের ভাগ্নে বিজয় (১৪)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালালউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।