বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার জন্য অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সে দিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। অতীতে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। বিশেষ করে নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নাম ছড়িয়ে পড়ে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই গৌরব হারাতে বসেছে সংগঠনটি। দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করার কারণে নেতৃত্বের বিকাশ ঘটাতে পারছে না বিএনপি।
এ দিকে গত সেপ্টেম্বরে ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি আর হয়নি। দুই বছরের দীর্ঘ এই সময়ে দেশের জেলা ও তৃণমূল কমিটি গঠনেই মেয়াদ শেষ করলো ছাত্রদল। অন্য দিকে মেয়াদোত্তীর্ণ হলেও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়া অন্য কোনো নেতাকেই ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর কেন্টিনে বসতে দেয়নি পদবঞ্চিত নেতাকর্মীরা, যা সংগঠনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ছাড়া ছাত্রদলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ^বিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির মেয়াদও শেষ। কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় নতুনভাবে কমিটি গঠনের দাবি জানাচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। এরই মধ্যে সম্প্রতি ছাত্রদলের সারা দেশে তৃণমূল পুনর্গঠনে জেলাভিত্তিক ৪০টি সাংগঠনিক টিম গঠন করেছে ছাত্রদল। এসব টিম গঠনের মাধ্যমে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি হওয়ার সম্ভাবনা আরো ক্ষীণ বলে সংগঠনের সংশ্লিষ্টরা মনে করছেন। এমবতাস্থায় কেন্দ্রীয় কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করার দাবি জানাচ্ছেন তারা।
দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলের তিন মাস পর ওই বছরের ডিসেম্বরে সংগঠনটির ৬০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে মেয়াদোত্তীর্ণ আংশিক কমিটি দিয়ে চলছে ছাত্রদল।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল বলেন, আমরা প্রতিকূল পরিবেশে দায়িত্ব নিয়ে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরামর্শে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে তৃণমূলে ছাত্রদলকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারিতে বিভাগভিত্তিক ১১টি সাংগঠনিক টিম গঠন করেছিলাম। এসব টিমের তত্ত্বাবধানে সারা দেশে ১৭০০টির মতো ইউনিটের (থানা-পৌর-কলেজ) মধ্যে ১৫৫০টিতে আহ্বায়ক কমিটি দিয়েছে। গত অক্টোবরের শেষদিকে এসব সাংগঠনিক টিম বিলুপ্ত করে ১ ডিসেম্বর নতুনভাবে তৃণমূল পুনর্গঠনে জেলাভিত্তিক ৪০টি সাংগঠনিক টিম গঠন করা হয়। তারা বলেন, আমাদের সব বিষয়ে সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অবগত। তিনি কমিটির বিষয়ে যখনই যে সিদ্ধান্ত নেবেন সেটাকেই আমরা স্বাগত জানাবো।
রাজধানীতে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ইউনিট হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ অন্যতম। অথচ জাবি, জবি, ঢাকা কলেজ, তিতুমীরসহ কোনো ইউনিটেই ছাত্রদলের কমিটি নেই। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর রাকিব-আমানের নেতৃত্বে ঢাবি ছাত্রদলের ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়, যা পরে ১২৩ সদস্য করা হয়। এই কমিটি ইতোমধ্যে ২ বছর পার করেছে। ফলে আহ্বায়ক কমিটির নেতাদের স্বেচ্ছাচারিতার প্রশ্ন তুলে কমিটি ভেঙে দিয়ে পূর্ণাঙ্গ করার দাবি আহ্বায়ক পদবঞ্চিতদের। এ ছাড়া ২০২০ সালের ২১ মার্চ করোনাকালেও ঢাবিতে ছেলেদের ১২টি হলে কমিটি হলেও এখনো সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কমিটি দিতে পারেনি রাকিব-আমান কমিটি। বিশ্ববিদ্যালয় কমিটি না হওয়ার পেছনে এটিও অন্যতম কারণ বলে মনে করছেন পদ-প্রত্যাশীরা। এ নিয়ে ক্ষুব্ধ পূর্ণাঙ্গ কমিটিতে পদ-প্রত্যাশীরা।
কর্মসূচি : ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে-আজ ১ জানুয়ারি সকাল ৯ টায়, ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ১২টায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী ছাত্র সমাবেশ। আগামীকাল রোববার ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশ হবে।





