সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে নলকূপ থেকে প্রাকৃতিক গ্যাস উঠছে। এতে আগুন দিলে দাউ দাউ করে জ্বলছে। এ ঘটনা প্রচার হওয়ার পর শনিবার সকাল থেকে এলাকার মানুষ সেখানে ভিড় জমাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার বদ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি। এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি- বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনী ব্যক্তি এগিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে শুক্রবার একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু নলকূপ থেকে পানির সাথে গ্যাসের গন্ধ পাওয়া যেতে থাকে। গ্রামবাসীর সন্দেহ হলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানো হয়। এতেই গ্যাসের উপস্থিতি বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত টিউবওয়েল চেপে পানি তোলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলছে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরে বলতে পারব।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।





