কুষ্টিয়ায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- আকিব হোসেন ও সবুজ হোসেন। আকিব হোসেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অন্য দিকে সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে আকিব হোসেন বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সবুজ হোসেন। শহরতলী কুমারগাড়া এলাকায় উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হন। ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।