গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন ভবনের আন্ডারগ্রাউন্ড এবং রান্নাঘরের সিঁড়ির পাশে পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের স্টেশন অফিসার রকিবুল হাসানসহ হাসপাতালের কর্মীরা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ৮টা এবং রাত সাড়ে ৮টায় দুই দফা অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথম দফায় শুক্রবার সকালে হাসপাতালে নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন সিরিঞ্জ, ওষুধ ও স্যালাইনের পরিত্যক্ত মালামাল রাখা ছিল। এ ঘটনার পর একই দিন রাত সাড়ে ৮টার দিকে একই ভবনের নীচ তলার রান্নাঘরে যাওয়ার সিঁড়ির পাশে স্তূপ করে রাখা পরিত্যক্ত কাগজ, কার্টন ও মালামালে আবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যান। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ সবার সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।





