কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল গ্রামের ব্যবসায়ী মফিজ উদ্দিনকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও মামলার অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকেও একই অঙ্ক জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) আব্দুল খালেক দাদন বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু বক্কার। তিনি খুদিরজঙ্গল গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন হারেছ উদ্দিন। তিনি একই গ্রামের মৃত হাছুর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়িক বিরোধের জেরে ২০১০ সালের ২০ মে রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিহত মফিজ উদ্দিনকে আসামি হারেছ উদ্দিন করিমগঞ্জ বাজার থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ২১ মে সকালে খুদিরজঙ্গল গ্রামের আবুল হাশেমের বাড়ির পূর্ব দিকে রাস্তার কালভার্টের নিচে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মো: আলী আকবর বাদি হয়ে ২০১০ সালের ২২ মে দুই আসামির নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ১৬) করেন। মামলা দায়েরের পর ২০১১ সালের ১ নভেম্বর প্রধান আসামি আবু বক্কারকে পুলিশ গ্রেফতার করে। পরে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আবুবক্কার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। পরবর্তীতে ২০১২ সালের ৬ মে মামলার অপর আসামি হারেছ উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে।





