গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে ৪০টি দেশের রাষ্ট্রদূতগণসহ ৬৫ জনের প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন কূটনীতিকরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডিন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি ও লাইব্রেরি পরিদর্শন করেন। এ ছাড়া অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশী অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।





