মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্বেগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী মালে, বিদ্যুৎ ভবনের অডিটোরিয়ামে মূল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদুৎ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। তরজমাসহ পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে, দূতাবাসের কর্মকর্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনান। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়াও দূতাবাসের সাম্প্রতিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। পরে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মহান ভাষা আন্দোলন হতে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন। সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তার ভূমিকার কথা জানান।
রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দূতাবাসে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীসহ মালদ্বীপস্থ-ন্যাশনাল ব্যাংক প্রাইভেট লিমিটের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।