পটুয়াখালীতে জমিজমা বিরোধের জেরে ইউসুফ মৃধা নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি মো: মনিরুজ্জামান। নিহত ইউসুফ তুলাতলা গ্রামের ইসমাইল মৃধার ছেলে ওই এলাকার ইউপি সদস্য মো: মিজানুর রহমান তালুকদার জানান, প্রতিদিনের মতো ইউসুফ শহরের ৯নং ওয়ার্ডের ১নং ব্রিজ এলাকায় ওষুধের দোকান বন্ধ করে রাত ১০টার পরে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু পৌনে ১১টা পর্যন্ত বাড়িতে না পৌঁছলে স্ত্রী নুরনাহার বেগম তার মেয়েকে নিয়ে খুঁজতে দোকানের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাত ১১টার দিকে স্থানীয় মৎস্য অফিসের গেটের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল ইউসুফ। দেখতে পেয়ে তার স্ত্রী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে ইউপি সদস্য মিজান জানান, রাতের ঘটনা কিভাবে বলব। তা ছাড়া এ মুহূর্তে ওর ফ্যামিলির কারো কাছে এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করাও ঠিক হবে না।
স্থানীয়রা জানান, ৪৫ বছর বয়সের ইউসুফ স্থানীয়দের কাছে নম্র ভদ্র হিসেবে পরিচিত ছিল। এলাকার সবার প্রিয়পাত্র হিসেবে অনেক দিন ধরে ওষুধের ব্যবসা করে আসছিল। তার তিন কন্যা সন্তান রয়েছে যার মধ্যে একজন প্রতিবন্ধী।
পটুয়াখালী সদর থানার ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে চলে গেছে। তার শরীরে বেশ কিছু ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে। লাশ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশের অন্য একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।