কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ সমর্থিত জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা সালামের সহযোগী মামুনকেও ছুরিকাঘাত করে। গত বুধবার রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে। এদিকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে দাফন করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক রুমন রহমান, নিহতের কোমর থেকে দুই পায়ের গোড়ালি পর্যন্ত একাধিক স্থানে ক্ষতের চিহ্নহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালের জুনে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় কথিত তাছের পীরের দরবারের ভক্ত এক তরুণ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল মাহবুব। এ নিয়ে মাহবুব খানের সাথে এলাকার কয়েকজনের বিরোধ ছিল। এরপর গত বছর ওই পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসব নিয়ে হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সাথে মাহবুবের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সেলিম চৌধুরী ও তার লোকজন দরবার উচ্ছেদ করতে হামলা চালিয়েছিলেন। এ নিয়ে বিরোধ আরো তীব্র হয়। বুধবার রাত ১১টার দিকে স্থানীয় আল্লারদর্গা বাজার থেকে ভ্যানে করে আমদহ গ্রামের বাড়িতে ফিরছিলেন মাহবুব। ভ্যানে থাকা প্রত্যক্ষদর্শী আহত মামুন মৃধা জানান, মাহবুবসহ তারা চারজন ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। গ্রামের তিন রাস্তার মোড়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩০ থেকে ৩৫ জন রামদা নিয়ে হামলা চালায়। তারা মাহবুবকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বিকেলে লাশ দাফনের আগে লাশ নিয়ে আল্লারদর্গা বাজারে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা এ হত্যার জন্য আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীকে দায়ী করেন। মাহবুবের পরিবারের অভিযোগ, সেলিম চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ইন্ধন ছাড়া এ হত্যাকাণ্ড ঘটতে পারে না। অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী জানান, মাহবুব নিজেদের বিরোধে নিহত হয়েছে। এর দায় আমার ও আমার পরিবারের ওপর চাপানো হচ্ছে। ঘটনাস্থলে সিসিক্যামেরা যাচাই করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে দৌলতপুর থানার ওসি জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়ায় জাতীয় যুব জোট নেতাকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ সমর্থিত জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে (৩৫) হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা সালামের...





