চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বেঁধে দুই যুবকের ওপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছেন। এলাকার একদল প্রভাবশালী। এ নির্যাতনের শেখ ফরিদ মৃধা (৪০), ফয়েজ আহমেদ (৪৬) গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর বাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, সম্পত্তিগত বিরোধ নিয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত রিপোর্ট আদালতে পাঠায় পুলিশ। আদালতে তদন্ত রিপোর্ট পাঠানোরপর বাদি শেখ ফরিদ মৃধা ও তার ভাই ফয়েজ আহমেদকে একা পেয়ে প্রতিপক্ষ এলাকার প্রভাবশালী দেলোয়ার হোসেন, লোকমান আমিন, মোশারফ হোসেন বাহার, মোজাম্মেল হোসেন ও নুরুল আমিন গংরা প্রকাশ্যে তাদের হাত-পা বেঁধে বর্বরোচিত এ নির্যাতন চালায়।
হামলার শিকার শেখ মৃধা জানান, শুক্রবারে আমরা দু’ভাই প্রয়োজনীয় কাজে রুস্তমপুর বাজারে গেলে আমাদের প্রতিপক্ষ দেলোয়ার হোসেন, লোকমান আমিন, মোজাম্মেল হোসেন বাবুল, হোসেন ফকির, সোহেল হাজী, মিজান হাজীগং আরো কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে আমাদের বেধড়ক মেরেছে। এ সময় খবর পেয়ে আমাদের পরিবারের সদস্যরা বাঁচাতে এলে তাদের ওপরও হামলা করে তারা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে থানায় নিয়ে এলে পুলিশ পায়ের বাঁধন খুলে চিকিৎসার জন্য পাঠায়। আমরা এর বিচার চাই।





