ঘুষের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশ।
জেলা দুদক সূত্র জানায়, গত ২৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের জ্যেষ্ঠ নির্বাহী মো: রাশেদুজ্জামান চৌধুরী রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২৭ এপ্রিল রাশেদুজ্জামান চৌধুরী রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন। পরে টাকা না দেয়ায় রাসেলকে ফোন করে জানান, মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন। মামলা থেকে রেহাই পেতে গত ২৩ মে সোমবার টাকাসহ তিনি অফিসে আসতে বলেন। সেদিন সকালে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সাথে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন মোস্তাফিজুর। পরে রাসেল দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। পরে গতকাল দুপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ কাগজপত্র নিয়ে ফের মোস্তাফিজুরের কাছে যান রাসেল। এ সময় ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে ধরে দুদক টিম। দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশ জানান, উপ-মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।