শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল। যারা শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায় তাদেরকে প্রতিহত করবে বাংলার মানুষ। তিনি গতকাল বেলা ১১টায় চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা তৈরি করতে চায়, এমন পরিস্থিতি আমরা কখনোই হতে দেবো না। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, যারা এই দেশে দুঃশাসন চালিয়েছে, সেই সব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায়ের সুযোগ সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। তবে তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: ইউসুফ গাজী, ডা: জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।