নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীতে ইপিজেডের ভেতর একটি কারখানার ভবনের পাইলিং করতে গিয়ে গ্যাসলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৯ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই উচ্চচাপ সম্পন্ন গ্যাস লাইন বন্ধ করে দেয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু পুরো ইপিজেডে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কের কারণে ইপিজেড থেকে কারখানার শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে তিতাসের এমডিসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে এসেছেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইপিজেডে পলমল গ্রুপের একটি ভবনে সকাল সাড়ে ৭টার দিকে পাইলিং ২০ ফুট নিচে যাওয়ার পর গ্যাসের পাইপ ফেটে যায়। তখন থেকে তিন ঘণ্টা পর্যন্ত তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
নির্মাণাধীন ভবনের সার্ভে কাজ করা অ্যাডভান্স কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো: রনি বলেন, ২০ ফুট গভীরে পাইলিং যাওয়ার পর পাইপ ফেটে যায়। উপরের দিকে বালু উঠতে থাকে। এভাবে তিন ঘণ্টা বালু উঠার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণে মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
নির্মাণশ্রমিক উজ্জ্বল হোসেনও কাজ করছিলেন সেখানে। তিনি বলেন, সব মিলিয়ে সেখানে ২০ জন লোক ছিল। পাইপ ফাটার পর সবাই দূরে সরে যায়। বিস্ফোরণের সময় কাছাকাছি কেউ ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণনের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত হন। তবে ঘটনার পর থেকেই গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশ করতে দেননি আনসার সদস্যরা। তারা জানান, কোনো গণমাধ্যমকর্মী ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে।
এদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর ১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হয়। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি আনে ফায়ার সার্ভিস। বিকেল ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
বেপজার জিএম আহসান কবির জানান, আগুন লাগার সাথে সাথে আমরা ইপিজেডের সব শ্রমিককে নিরাপদে বের করে নিয়ে এসেছি। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তিনি বিস্তারিত জানাতে পারবেন না বলে ফোনটি কেটে দেন।
এদিকে আগুনের লেলিহান এত ওপরে উঠে যে তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়। অনেকেই দূর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চ চাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ বন্ধের পর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে; বন্ধ করে দেয়া হয়েছে উচ্চ চাপসম্পন্ন গ্যাসের লাইন; দ্রুত সরিয়ে নেয়া হয় ইপিজেডের শ্রমিকদের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীতে ইপিজেডের ভেতর একটি কারখানার ভবনের পাইলিং করতে গিয়ে গ্যাসলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...





