রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায়-আসে না। সংসদ নির্বাচন বর্তমান সরকারের মেয়াদকালে আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার দেশের সংবিধানের নিয়ম পুরোপুরি মেনেই সংসদ নির্বাচন করবে। আগামী বছরের সুবিধাজনক যেকোনো সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীকের প্রার্থী করবেন সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে একসাথে তার পক্ষে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন বয়কট করায় সিনিয়র সহসভাপতি অধ্যাপক ইউনুস আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবদুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি।
বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী পরিষদের সদস্য বেগম আক্তার জাহান ও সৈয়দ আবদুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের এমপি ও জেলা মহিলা লীগের সভাপতি রতœা আহমেদ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। প্রসঙ্গত, সম্মেলন নিয়ে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান সম্প্রতি দু’টি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বাগাতিপাড়া উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে দলের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত ১১ নেতাকর্মী এবং তাদের প্রশ্রয় দেয়ার অভিযোগ তুলে স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলকে সম্মেলন থেকে দূরে রাখার দাবি পূরণ না হওয়ায় তারা সম্মেলন বয়কট করেন।