গোপালগঞ্জে মাদক মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল (৪৬), সালাম শেখের ছেলে সুজন শেখ (৪১), হারুন মৃধার ছেলে রফিক মৃধা (৩৯) ও রঘুনাথপুর চরপাড়া এলাকার মৃত কাদের শিকদারের ছেলে জাকির শিকদার (৪৫)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ আরো চারজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহাদত হোসেন বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি মো: জিরুল্লাহ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
রাষ্টপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।