টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক ও শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়। তারা হলেন, উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের সঞ্জাব আলীর মেয়ে জান্নাতি (দেড় বছর)। একই গ্রামের আলমগীরের স্ত্রী লাবলী বেগম (২৫)। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ট্রেনের শব্দ শুনেও অটোরিকশা চালক তার অটোরিকশাটি না থামিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা তারাকান্দীগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রীরা ছিটকে খাদে পড়ে যায়। ভূঞাপুর রেলস্টেশন মাস্টার মো: আব্দুল কাদের জানান, ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা ২৫৪ নং লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। উপজেলার ঢেপাকান্দি এলাকায় পৌঁছলে অটোরিকশার সাথে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে হতাহতের বিষয়ে খোঁজ নিতে পরিদর্শনে গিয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হবে। এ ছাড়া আহতদের যাবতীয় চিকিৎসার ব্যয় প্রশাসন বহন করবে।