কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে উখিয়ার মুহুরীপাড়ায় মাটি কাটার সময় পাহাড় ধসে মাটিচাপা পড়ে এ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
নিহতরা হচ্ছেন উখিয়ার কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের বি/১ ব্লকের মৃত মো: ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর (২০), ডব্লিউ /১ ক্যাম্পের সি/১৪ ব্লকের মৃত আবদুল মতলবের ছেলে জাহিদ হোসেন (২৪) ও ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০৭ নম্বর ব্লকের সুলতান আহাম্মদের ছেলে নুর কবির (২৭)।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের লাশ সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের লাশ উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ভিকটিমদের লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন।