উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাসখানেক ধরে ভূঞাপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর তা কমতে শুরু করলেও চরাঞ্চলে দুর্ভোগ বেড়েছে। তবে যমুনার অন্যান্য শাখা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়।
ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরার বাসিন্দা মো: মোফাজ্জল হোসেন সরকার জানান, যমুনা নদীর পানি দুই দিন ধরে কমতে শুরু করলেও এখনো চরাঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। পচে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের শাকসবজি। যার ফলে দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে চরাঞ্চলবাসীর।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, গত সোমবার থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করছে। দুই দিনে পানি কমে বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত রয়েছে।