ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হক (৬৬)। গতকাল শনিবার ভোর ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ১ জুলাই ১৯৫৭ সালে তিনি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা, খিলগাঁও নিজ বাসভবনে তৃতীয় জানাজা এরপর তার লাশ রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাগরিবের নামাজের পর দাফন করা হয়।
এ দিকে ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের মৃত্যুতে তিন দিনের (শনিবার থেকে সোমবার) শোক পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে ইনস্টিটিউট, বিভাগ ও দফতর খোলা থাকবে। শোক পালনকালীন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে।
ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশনে ভিসির লাশ দেখতে যান তিনি। এ সময় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।

এর আগে ক্যান্সারের উন্নত চিকিৎসা নিতে অধ্যাপক ইমদাদুল হক গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। দেশে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে চার বছরের জন্য নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো: ইমদাদুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।