দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ এ আসন দু’টি ফাঁকা রেখে এবার ২৯৮ আসনেই দলীয় একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে নানা সময়ে আলোচনা-সমালোচনায় থাকা এবং দলীয়ভাবে নিষ্ক্রিয় কয়েকজন মন্ত্রী-এমপি বাদ পড়েছেন। ওই জায়গায় বেশ কয়েকজন নতুন মুখ দলীয় মনোনয়ন পেয়েছেন। নতুন-পুরনো মিশেলে এবার আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হলেও সার্বিকভাবে প্রার্থীদের বিষয়ে মূল্যায়ন করতে নারাজ দলটির শীর্ষ নেতৃত্ব। এ জন্য আরো কিছু সময় অপেক্ষা করার কথা বলছেন তারা। তবে ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনয় তারকা ফেরদৌস আওয়ামী লীগের নতুন মনোনয়ন পাওয়ায় তৃণমূলে আলোচনা জমে উঠেছে।
এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন গতকাল নয়া দিগন্তকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ২৯৮ জন প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কিছু বাদ পড়েছে কিছু নতুন মুখ এসেছে। নতুন-পুরনো মিলে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থীদের বিষয়ে এখনো মূল্যায়ন করার সময় আসেনি। এ জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

দলীয় সূত্র বলছে, গতবার একাদশ জাতীয় সংসদে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা অংশ নিলেও সুবিধা করতে পারেনি। এবার বিএনপি নির্বাচনে আসা-না-আসার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের জোটগতভাবে নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি। যদিও বিএনপি ও তার মিত্ররা তাদের দাবিতে অনড় থাকায় নির্বাচনে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে। তার পরও আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সব দিকটা মাথায় রেখেই ৩০০ আসনের মধ্যে গতকাল দু’টি আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ আসনে গতবার নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। আর নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি হিসেবে রয়েছেন সেলিম ওসমান। তিনি শামীম ওসমান এমপির ভাই। সূত্র আরো বলছে, ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একাদশ জাতীয় সংসদের ৬৯ জন সদস্য বাদ পড়েছেন। আওয়ামী লীগের বাদ পড়া আসন এবং গতবার জোট শরিকদের ছেড়ে দেয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। মাগুরা-১ আসন থেকে মনেনায়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ওই আসনে এবার মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি সাইফুজ্জামান শিখর। নড়াইল-২ আসন থেকে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারলেও ছিটকে পড়েছেন নাঈমুর রহমান দূর্জয় এমপি। মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো: আব্দুস সালাম।

ঢাকা-১০ আসন থেকে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনয় তারকা ফেরদৌস আহমেদ। এ ছাড়াও ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-৫ আসনে হারুনর রশিদ মুন্না, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন, ঢাকা-৭ আসনে সোলায়মান সেলিম, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১১ আসনে ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিলকে এবার নতুন মনোনয়ন দিয়ে আস্থা রেখেছে আওয়ামী লীগ। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে তিনটি আসনে নতুনদের মনোনয়ন দেয়া হয়েছে। ময়মনসিংহ-৩ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, ময়মনসিংহ-৪ সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে মোহিত উর রহমান শান্ত ও ময়মনসিংহ-৫ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দকে মনোনয়ন দেয়া হয়েছে। ময়মনসিংহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আওয়ামী লীগের সাথে আসন সমঝোতায় দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। নতুন মুখ নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের স্ত্রী। খুলনা-৩ আসনের এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে। মনোনয়ন থেকে এবার বাদ পড়েছেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন মো: বিপ্লব হাসান। মো: জাকির হোসেন জেলা আওয়ামী লীগের সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একাদশ সংসদে ওই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও পঞ্চগড়-১ মো: মজাহারুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ আলহাজ মো: দবিরুল ইসলাম, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, কুড়িগ্রাম-৩ এম এ মতিন, গাইবান্ধা-৪ মো: মনোয়ার হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ-২ মো: হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ মেরিনা জাহান, পাবনা-৪ মো: নুরুজ্জামান বিশ্বাস, ফরিদপুর-৩ আসনে খন্দকার মোশাররফ হোসেন মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন।

নৌকার টিকিটে লড়বেন ২৩ নারী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নৌকার টিকিটে সরাসরি লড়বেন ২৩ জন নারী। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ ছাড়াও রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-১ আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, সিরাজগঞ্জ-২ মোছা: জান্নাত আরা হেনরী, বরগুনা-২ সুলতানা নাদিরা, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রুমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ ডা: দীপু মনি, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, লক্ষ্মীপুর- ৪ ফরিদুন্নাহার লাইলী ও কক্সবাজার-৪ শাহীন আক্তার।