পাইকগাছায় একটি সরকারি পুকুরে জাল ফেললে উঠে আসে দু’টি রুপালি ইলিশ। গতকাল শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে দু’টি রুপালি ইলিশ ধরা পড়ে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে ভেটকি, রুই, কাতল মাছ। এদের সাথে দু’টি ইলিশও জালে ধরা পড়ে। ইলিশ দু’টির ওজন ৭০০ গ্রাম করে। স্থানীয়রা এ দু’টি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন। পুকুরের ইলিশ এলো কিভাবে প্রশ্নে তিনি জানান, হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে এতে ইলিশ মাছ ঢুকে পড়ে। তবে সম্প্রতি সেখানে কোনো প্লাবন হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দু’টি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দু’টি বড় হয়েছে এটা নিশ্চিত। পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। তাই মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছিল এতে। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দু’টি বড় হয়েছে। এলাকাবাসীরা বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।





