খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত ও অপর এক সদস্য আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দুর্গম দুরছড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। এ ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছে।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে একটি বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দুইজন ঘটনাস্থলে মারা যান এবং রহিন্তু চাকমা নিখোঁজ রয়েছেন। অংগ্য মারমা এ ঘটনার জন্য নিন্দা জানিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।