বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও ৯০ ব্যাটালিয়ন বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ গোড়কমণ্ডল বিওপির সীমান্ত পিলার ৯২৯/৪-এস হতে ১০ গজের নামাটারী নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের নেতৃত্ব দেন লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, অধিনায়ক, লালমনিরহাট ব্যাটালিয়ন এবং বিএসএফের ৭ সদস্যের নেতৃত্ব দেন অরবিন্দ কুমার উপাদেয়, কমান্ড্যান্ট, ৯০ ব্যাটালিয়ন বিএসএফ। বৈঠকে উভয় ব্যাটালিয়ন কমান্ডার কুশলাদি বিনিময় এবং সীমান্ত হত্যাবন্ধসহ আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে নিম্নবর্ণিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত হত্যাবন্ধসহ আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে বিজিবি অধিনায়ক কর্তৃক অনুরোধ জানালে বিএসএফ কমান্ড্যান্ট একমত পোষণ করেন।
সীমান্তে একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে আলোচনা হলে বিএসএফ কর্তৃক নকশা ও প্লান অনুমোদনের জন্য ঊর্ধ্বতন দফতরে পাঠানো হয়েছে, যা অনুমোদন সাপেক্ষে বিজিবির কাছে পাঠানো হবে বলে জানান বিএসএফ কমান্ড্যান্ট। বৈঠকে মাদক পাচার রোধকল্পে স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে ওই সব এলাকায় বিজিবি-বিএসএফ টহল তৎপরতা বৃদ্ধি এবং উভয় দেশের চোরাকারবারিদের তথ্য আদান-প্রদানের মাধ্যমে মাদক পাচার রোধ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের কুফল এবং আন্তঃসীমান্ত অপরাধ সম্পর্কে সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা এবং অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করতঃ নিজ দেশে হস্তান্তর অথবা আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আলোচনা হয়। এ ছাড়া মার্চ মাসে ভারতের জাতীয় নির্বাচন থাকায় সীমান্তে বিএসএফ কম থাকবে বিধায় বিজিবির টহল তৎপরতা বাড়ানোর জন্য বিএসএফ কর্তৃক অনুরোধ জানায়।